দৈনিক খুলনা
The news is by your side.

খুবিতে পরিবেশবান্ধব পদ্ধতিতে বালাই ও রোগজীবাণু দমনে কৃষক প্রশিক্ষণ

28

খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে ‘ইকো-ফ্রেন্ডলি অ্যাপ্রোচেস ইন পেস্ট অ্যান্ড প্যাথোজেন্স’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ‘মর্ফো-মলিকিউলার অ্যান্ড স্মার্ট টেকনোলজি-বেইজড ইনসেক্ট অ্যান্ড ডিজিজ ডিটেকশন, দেয়ার বায়োলজিক্যাল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রান্সফরমেশন’ শীর্ষক হিট সাব-প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সকালে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রকল্পের এসপিএম সহযোগী অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল এবং প্রকল্পের সদস্য প্রফেসর ড. মোছা. সাবিহা সুলতানা। স্বাগত বক্তব্য দেন এএসপিএম প্রফেসর ড. শিমুল দাস।

কৃষকদের পক্ষ থেকে বক্তব্য দেন অশোক বকশি ও পূর্ণিমা রানী সাহা।

উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনটি কারিগরি সেশনে কৃষকদের দানাদার ও সবজি ফসলের প্রধান কীটপতঙ্গ এবং উদ্ভিদ রোগ ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব, জৈবিক ও টেকসই পদ্ধতি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়।

একই সঙ্গে রাসায়নিক বালাইনাশকের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা, উপকারী জীবের সুরক্ষা এবং মানবস্বাস্থ্যের নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল ফসলের পোকামাকড় ও রোগজীবাণু ব্যবস্থাপনায় কৃষকদের পরিবেশবান্ধব ও টেকসই পদ্ধতি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা।

প্রশিক্ষণে খুলনার বটিয়াঘাটা, দিঘলিয়া, ডুমুরিয়া, দাকোপ ও তেরখাদা উপজেলার প্রান্তিক কৃষকেরা অংশগ্রহণ করেন।