লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন ৬ জন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের ঘুন্টি বাজার নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে যাত্রীসহ ছেড়ে আসা একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘুন্টি বাজার নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক বুড়িমারী স্থলবন্দরগামী একটি বালুবাহী ট্রাক অটোরিকশাকে চাপা দিয়ে একটি দোকানে ঢুকে যায়। এতে দোকান ঘরসহ অটোরিকশা দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হয়। দুর্ঘটনায় আহত হয় অন্তত ৮ জন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং দুইজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত বা আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তবে স্থানীয়রা ধারণা করছেন, তারা সকলেই পাটগ্রাম উপজেলার বাসিন্দা।
পাটগ্রাম থানা ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। ৩ জন নিহত ও ৭ জন আহতদের খবর পাওয়া গেছে।