দৈনিক খুলনা
The news is by your side.

হাতীবান্ধায় বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন

28

লালমনিরহা :

লালমনিরহাটের হাতীবান্ধায় বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের মামলায় শহিদুল ইসলাম নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে লালমনিরহাটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় তাকে এ সাজা দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী শিশুটি একটি প্রতিবন্ধী বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ আগস্ট শহিদুল ইসলাম তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান। ওই সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে মোবাইলে ছবি দেখানোর কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়।

ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি ইশারার মাধ্যমে জানান। পরে তার বাবা রশিদুল ইসলাম হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় দেন।

রায়ের পর সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, মামলাটি আলোচিত ও গুরুতর। আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।