দৈনিক খুলনা
The news is by your side.

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী

4

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের প্রথম দিনের কর্মসূচি নিয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া স্বাগত নৈশভোজেও প্রধানমন্ত্রীর সঙ্গে ডা. জুবাইদা রহমান অংশ নেন। সেখানে বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সঙ্গে তারা দলীয় ছবিতে অংশ নেন।

নিউইয়র্কে পৌঁছানোর পর প্রথম দিনেই ব্যস্ত কর্মসূচি পালন করেন প্রধানমন্ত্রী। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফ, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে বৈঠক করেন।

জুলি বিশপের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর সহযোগিতা চান। দীর্ঘদিনের এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে তার প্রথম ভাষণ। বাংলাদেশের ঐতিহ্য অনুসারে তিনি বাংলায় বক্তব্য দেবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ে তিনি বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন।