মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনকভাবে নিজ দেশে ফেরানোর পথ তৈরি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন ধরে চলা এ সংকটের টেকসই সমাধানে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে প্রধানমন্ত্রীর আবাসস্থলে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরার জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।
এ সময় মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনকভাবে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সংকটের মূল কারণ মোকাবিলা এবং দীর্ঘস্থায়ী সমাধানের জন্য সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের প্রয়োজনীয়তা উঠে আসে আলোচনায়।
এদিকে রোহিঙ্গা সংকটকে সামনে রেখে বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে একটি উচ্চপর্যায়ের বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘দ্য রোহিঙ্গা ক্রাইসিস: আ রিনিউড কল ফর আ ডিউরেবল সলিউশন ফ্রম প্রোট্র্যাক্টেড ডিসপ্লেসমেন্ট, উইথ জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্ট্যাবিলিটি’ শীর্ষক এ আয়োজনটি বাংলাদেশ ও গাম্বিয়া যৌথভাবে আয়োজন করছে এবং ইউরোপীয় ইউনিয়ন এতে সহ-আয়োজক হিসেবে রয়েছে।
বিশেষ এ আয়োজনে রোহিঙ্গাদের জন্য টেকসই মানবিক সহায়তা নিশ্চিত করা, ন্যায়বিচার ও জবাবদিহি জোরদার করা এবং মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও সম্মানজনক প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের ব্যাপক বাস্তুচ্যুতির পর থেকে সংকটটি দীর্ঘস্থায়ী মানবিক সমস্যায় পরিণত হয়েছে। চলতি বছরও জাতিসংঘ রোহিঙ্গাদের সুরক্ষা, মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং সংকটের মূল কারণ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বক্তব্য দেবেন। চলমান সফরে রোহিঙ্গা সংকট ছাড়াও জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়ে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।