দৈনিক খুলনা
The news is by your side.

বেনাপোলে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে পরিবেশ প্রতিমন্ত্রীর মতবিনিময়

79

বেনাপোল :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি তাঁর দুই দিনব্যাপী সরকারি সফরের অংশ হিসেবে যশোরের বেনাপোলে কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন। একই সফরে তিনি বেনাপোল পৌরসভা এলাকায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রোপণ করা গাছপালা পরিদর্শন করেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের ‘ইছামতি’ সম্মেলন কক্ষে কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সভাপতিত্বে আন্তর্জাতিক বাণিজ্য ও আমদানি-রপ্তানি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ী নেতারা অংশ নেন।

সভায় ব্যবসায়ী নেতারা বন্দরের বিভিন্ন অনিয়মের বিষয় তুলে ধরে তা সমাধানের দাবি জানান। পাশাপাশি শুল্ক ফাঁকি ও ঘোষণা বহির্ভূত পণ্য আমদানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বৈধ ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা করার সুযোগ নিশ্চিত করার অনুরোধ জানান তারা।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের গুরুত্বপূর্ণ একটি বন্দর এবং জাতীয় রাজস্ব আদায়ে এর বড় ভূমিকা রয়েছে। ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের উভয় পক্ষের বক্তব্য শুনে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, বেনাপোল থেকে রাজস্ব আদায় বাড়লে জাতীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। দেশের সব বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর একান্ত সচিব মো. আলমগীর হুসাইন, ব্যক্তিগত কর্মকর্তা রুহুল আমীন, স্টেনো-টাইপিস্ট শরীফ আহমেদ ও অফিস সহায়ক মো. আরিফ হুসাইন উপস্থিত ছিলেন।

সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবেরা সুলতানা মুন্নী, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সহসাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বিকেল ৫টার দিকে প্রতিমন্ত্রী বেনাপোল পৌরসভা এলাকায় পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শন করেন। এ সময় তিনি উল্লাশী খালের স্ট্রিপ বাগান এবং শার্শা উপজেলায় রোপণ করা ঐতিহ্যবাহী তালগাছের চারার স্থানও পরিদর্শন করেন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে বেনাপোল থেকে যশোরের পথে রওনা দেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়।