দৈনিক খুলনা
The news is by your side.

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যার প্রতিবাদে উত্তাল খুলনা, সড়ক অবরোধ

39

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যার প্রতিবাদে উত্তাল খুলনা। হত্যাকাণ্ডের দুই দিন পেরিয়ে গেলেও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় সোমবার (২১ সেপ্টেম্বর) সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

আজমুল হোসেন হত্যার প্রতিবাদে বেলা সাড়ে ১১টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একপর্যায়ে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে দেন তারা। দুই দিনেও কাউকে গ্রেপ্তার না করায় ক্ষোভ জানান শিক্ষার্থীরা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এদিকে, অবরোধের কারণে সোনাডাঙ্গার সঙ্গে সংযোগ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তৈরি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় প্রশাসনের কাছে ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে ২৪ ঘণ্টার জন্য অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না হলে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন হল রোডের মসজিদ গলির একটি ছাত্রাবাসের ছাদে নিয়ে আজমুলকে মারধর করা হয় বলে অভিযোগ। এ সময় তার চুল কেটে দেয়া হয়। পরে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।