দৈনিক খুলনা
The news is by your side.

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

কুশপুত্তলিকা দাহ, দায়ীদের শাস্তি ও উপনির্বাচনের দাবি

26

সাতক্ষীরা :

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিক্ষোভ শেষে উপজেলা প্রেসক্লাবের সামনে গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্যামনগর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হন। পরে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে স্থানীয় নাগরিক নেতা আসাদুজ্জামান মিটু, আবুল কালাম মড়ল, রেজাউল ইসলাম, আসিসুর রহমান, নূরনগরের আবুল ইউসুফসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত কারণ উদ্‌ঘাটন করতে হবে। কোনো ধরনের গাফিলতি বা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা মেনে নেওয়া হবে না। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, একজন জনপ্রতিনিধিকে ঘিরে এমন গুরুতর অভিযোগ ওঠায় বিষয়টি যথাযথ তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করা জরুরি। প্রকৃত ঘটনা সামনে এনে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

গাজী নজরুল ইসলামের বাড়ির পাশের বাসিন্দা ও সাবেক জামায়াত কর্মী শাহজাহান বলেন, ঘটনাটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এসব বিষয় সঠিকভাবে তদন্ত করে জনগণের সামনে প্রকৃত তথ্য তুলে ধরার দাবি জানান তিনি।

বিক্ষোভকারীরা মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সাতক্ষীরা-৪ আসনে উপনির্বাচনের দাবিও তোলেন তারা।

পরে উপজেলা প্রেসক্লাবের সামনে গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং মরিয়ম খাতুনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

উল্লেখ্য, রোববার রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। পরে পুলিশ গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখায়।