দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

42

সাতক্ষীরা :

সাতক্ষীরার বাটকেখালি এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো—বাটকেখালি এলাকার হাবিবুর রহমানের মেয়ে ও চতুর্থ শ্রেণির ছাত্রী হাবিবা (১০) এবং সাদ্দাম হোসেনের ছেলে ও তৃতীয় শ্রেণির ছাত্র লাবিব (৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে হাবিবা ও লাবিব একসঙ্গে গফুর সাহেবের বাড়ির পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে দুপুর ১টার দিকে স্থানীয় এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে গিয়ে ঘাটে দুই জোড়া স্যান্ডেল পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে তিনি পানিতে নেমে তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।