দৈনিক খুলনা
The news is by your side.

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

23

 বাগেরহাট:

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিআরটিএ ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী, বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এস এম মাহফুজুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু ও সহসভাপতি এস এম রাজসহ সংশ্লিষ্টরা।

বিআরটিএ সূত্রে জানা যায়, অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ২৭টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে নিহত ২৫ জনের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ২৫ লাখ টাকা এবং আহত দুইজনের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মোট ৬ লাখ টাকা দেওয়া হয়েছে।

চেকগ্রহীতা লুৎফুন্নেছা বলেন, সড়ক দুর্ঘটনায় আপনজনকে হারানোর কষ্ট কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে এই আর্থিক সহায়তা তাদের পরিবারের জন্য কিছুটা হলেও উপকারে আসবে। সরকারের পক্ষ থেকে এ সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

অপর চেকগ্রহীতা মিনারা বেগম বলেন, প্রিয় মানুষকে হারানোর পর তাদের পরিবার অনেক কষ্টের মধ্যে রয়েছে। এই ৫ লাখ টাকা তাদের জন্য বড় ধরনের সহায়তা। সরকার তাদের পাশে দাঁড়িয়েছে, এজন্য তারা কৃতজ্ঞ।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের উপার্জনক্ষম মানুষ হারিয়ে গেলে পরিবারটি দীর্ঘমেয়াদি সংকটে পড়ে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে সরকার এই আর্থিক সহায়তা দিচ্ছে। ভবিষ্যতেও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রাপ্য সহায়তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করবে।

অনুষ্ঠানে বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বন এবং যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।