পাইকগাছা :
খুলনার পাইকগাছায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজশিক্ষক তাপস কুমার মণ্ডলের মৃত্যু হয়েছে। কলেজে শ্রদ্ধা জ্ঞাপন শেষে রোববার (৬ সেপ্টেম্বর) সকালে নিজ গ্রামে তার সৎকার সম্পন্ন করা হয়েছে।
তাপস কুমার মণ্ডল ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কলেজ সূত্রে জানা গেছে, ডেঙ্গু পজিটিভ শনাক্ত হওয়ার পর গত ২৮ আগস্ট থেকে টানা নয় দিন খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাপস কুমার মণ্ডল। শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাত সাড়ে ৮টার দিকে মরদেহ কলেজে পৌঁছালে কলেজের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
পরে রোববার সকালে উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামে তার নিজ বাড়িতে সৎকার সম্পন্ন করা হয় বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন।
এদিকে সহকারী অধ্যাপক তাপস কুমার মণ্ডলের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সচিব তৌহিদুর রহমান। এছাড়া কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।