বেনাপোল :
যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় ফর্কলিফট থেকে ভারী যন্ত্রাংশ ছিটকে পড়ে আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) বিকেলে বেনাপোল স্থলবন্দরের ৯ নম্বর সেডের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে। আহত আক্তারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের বাকের আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-৯২৫)-এর নিয়ন্ত্রণাধীন এলাকায় ফর্কলিফটের মাধ্যমে একটি ট্রাকে পণ্য লোড করার সময় ফর্কলিফট থেকে ভারী একটি যন্ত্রাংশ ছিটকে আক্তারুল ইসলামের ওপর পড়ে। এতে তার বুকে গুরুতর আঘাত লাগে এবং ক্ষতস্থানে রক্তক্ষরণ হয়।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। পরে তাকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে স্বজনরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সভাপতি তবিবুর রহমান (তবি) বলেন, বন্দরে পণ্য লোড করার সময় অসাবধানতাবশত ফর্কলিফট থেকে একটি ভারী যন্ত্রাংশ ছিটকে শ্রমিক আক্তারুল ইসলামের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার কারণ ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।