দৈনিক খুলনা
The news is by your side.

আলোচনা, পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিলে মুখর মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয়

28

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ে হামদ-না’ত, কিরাত ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টরা অংশ নেন। ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও জীবনাদর্শ সম্পর্কে শিক্ষার্থীদের জানানো এবং তাদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ের সুপারিন্টেন্ডেন্ট সামছুন নাহার। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক মো. আশরাফুজ্জামান ও শাহানা পারভীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুর রহিম।

সভাপতির বক্তব্যে সুপারিন্টেন্ডেন্ট সামছুন নাহার বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ও শিক্ষা থেকে সততা, ন্যায়, শৃঙ্খলা, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা গ্রহণ করা যায়। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিক ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা পর্বে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, শৈশব, কর্মময় জীবন, মানবিকতা, ন্যায়বিচার, সাম্য ও শান্তির শিক্ষা নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, বর্তমান সময়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, সত্যবাদিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ-না’ত, কিরাত ও কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। কিরাত ও হামদ-না’তের সুরেলা পরিবেশনা এবং ঈদ-ই-মিলাদুন্নবী সম্পর্কিত কুইজে শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতার প্রকাশ ঘটে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও উপস্থিত অতিথিরা বিজয়ীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও বেশি জ্ঞানভিত্তিক ও নৈতিক শিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সবশেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা, উম্মাহর শান্তি ও কল্যাণ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষের এমন আয়োজন শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।