দৈনিক খুলনা
The news is by your side.

বাগেরহাটে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন ১৩ জন অসচ্ছল ব্যক্তি

32

বাগেরহাট :

বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে চিকিৎসার জন্য ১৩ জন অসহায় ও অসচ্ছল রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় বাগেরহাট জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন সুবিধাভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আবু রিয়াদ, সহকারী প্রকৌশলী মো. শহীদুল আলম, প্রশাসনিক কর্মকর্তা মো. হারুন অর রশিদ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শেখ মো. আবু সাঈদ শুনুসহ বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেন, অসহায় ও অসচ্ছল মানুষের চিকিৎসাসেবায় সহযোগিতা করতে জেলা পরিষদের এ ধরনের আর্থিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি বলেন, প্রকৃতপক্ষে যারা আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য, সেই সব সঠিক সুবিধাভোগীদের চিহ্নিত করতে সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ বিষয়ে বিভিন্ন অসহায় ও দুস্থ মানুষের সমস্যার কথা লেখনীর মাধ্যমে তুলে ধরে জেলা পরিষদ প্রশাসনের নজরে আনার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, অসচ্ছল ও অসহায় মানুষের চিকিৎসা ব্যয় নির্বাহে সহযোগিতা করার লক্ষ্যে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সুবিধাভোগীরা এ সহায়তা পেয়ে জেলা পরিষদ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসহায়তায় এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হবে।