দৈনিক খুলনা
The news is by your side.

বন্ধ মৌসুমে সুন্দরবনে মাছ ধরার অভিযোগে ৪ জেলে আটক

29

সাতক্ষীরা :

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে একটি নৌকাসহ চার জেলেকে আটক করেছে বন বিভাগ।

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কলাগাছিয়া নদীর লেবুবুনিয়ার খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাদের সাতক্ষীরা বন আদালতে সোপর্দ করা হলে আদালত বিকেল ৫টা ৪৭ মিনিটে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটক জেলেরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামের মোস্তফা গাজী, মাহফুজুর রহমান, আল-আমিন গাজী ও ইয়ারুজ্জামান ঘরামী।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) এরফান উদ্দিন জানান, সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলাকালে অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে একটি ডিঙি নৌকাসহ চার জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাছ, জাল ও মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে আনুমানিক ৩০ কেজি চিংড়ি ও ১৩৭ কেজি সাদা মাছ, একটি খালপাটা জাল, একটি বেন্দি জাল, পাঁচটি পানির ড্রাম, একটি হুইল, দুটি বৈঠা, তিনটি দা ও একটি কাটা ড্রাম জব্দ করা হয়েছে।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনের বন্ধ মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে প্রবেশ ও মাছ ধরার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।