দৈনিক খুলনা
The news is by your side.

ঝিনাইদহে ১,৬৫২ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ১

27

ঝিনাইদহ :

ঝিনাইদহে অভিযান চালিয়ে ফেন্সিডিল সদৃশ ১ হাজার ৬৫২ বোতল মাদকদ্রব্য ও একটি কাভার্ড ভ্যানসহ শাহিন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্প।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সদর থানার হামদহ বাইপাস মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমনের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ১ হাজার ৬২ বোতল স্কাফ ও ৫৯০ বোতল ফেয়ারডিলসহ মোট ১ হাজার ৬৫২ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।

গ্রেপ্তার শাহিন (২০) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার জয়কালিপুর এলাকার মো. আব্দুল মালেকের ছেলে।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার শাহিনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা আলামত ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন বলেন, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।