আন্তর্জাতিক ডেস্ক:
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির প্রকাশিত একটি বিতর্কিত নির্বাচনী বিলবোর্ড ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
তেল আবিবের আয়ালন হাইওয়ের পাশে স্থাপিত বিশাল ওই বিলবোর্ডে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং হিজবুল্লাহর সাধারণ সম্পাদক নাঈম কাসেমের ছবি পাশাপাশি রাখা হয়েছে।
বিলবোর্ডের বার্তায় দাবি করা হয়েছে, এসব ব্যক্তি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরাজয় চান। একই সঙ্গে ভোটারদের উদ্দেশে তাদের ‘জিততে না দেওয়ার’ আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুও সামাজিক যোগাযোগমাধ্যমে বিলবোর্ডটির ছবি পোস্ট করে একই ধরনের আহ্বান জানিয়েছেন।
লিকুদের এই প্রচারণা প্রকাশের পরপরই বিরোধী রাজনৈতিক দল ও নেতাদের পক্ষ থেকে সমালোচনা ও ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন দল ‘ইয়াশার’ বিলবোর্ডটির একটি পরিবর্তিত সংস্করণ প্রকাশ করে পাল্টা প্রচারণা চালিয়েছে। তাদের দাবি, বর্তমান সরকারের নীতির কারণে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাই নেতানিয়াহুকে ক্ষমতায় আসতে বাধা দেওয়া উচিত।
নির্বাচনকে সামনে রেখে দুই পক্ষের পাল্টাপাল্টি প্রচারণায় ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।