দৈনিক খুলনা
The news is by your side.

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল অনুষ্ঠান চলাকালে যশোরে ককটেল বিস্ফোরণ, আহত ১

27

যশোর :

১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান চলাকালে যশোরের কেশবপুরে প্রকাশ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জুয়েল (৩৫) নামে এক মোটর শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে কেশবপুর পৌর শহরের যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত জুয়েল মধ্যকুল গ্রামের ব্যবসায়ী খানের ছেলে। তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই সময়ে উপজেলা পরিষদ মিলনায়তনে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার অর্থ প্রদান উপলক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স চলছিল। অনুষ্ঠান চলাকালে পৌর শহরের একটি ফিলিং স্টেশনের উত্তর পাশে জেলেপাড়া সড়কের মুখে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে পথচারী জুয়েলের পায়ে স্প্লিন্টার লেগে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঘটনাস্থলে অভিযান চালিয়ে পুলিশ আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতারা অভিযোগ করেছেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে শুক্রবার রাতে মধ্যকুল এলাকায় মজিবুর রহমান মুজিবের একটি মৎস্য খামারে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করেন।

তাদের দাবি, কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিক মোড়ল এবং সাবেক কাউন্সিলর কামাল খানের নেতৃত্বে ওই বৈঠকে ১৫ থেকে ২০ জন অংশ নেন। বিষয়টি পুলিশকে জানানো হলেও আগাম ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।

তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন বলেন, গত রাতে মধ্যকুল গ্রামের একটি মৎস্য ঘেরে আওয়ামী লীগ নেতাদের বৈঠকের বিষয়টি এলাকাবাসী পুলিশকে জানিয়েছিল। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং আহত জুয়েলের চিকিৎসার ব্যবস্থা করে। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহিদুল ইসলাম জানান, বিস্ফোরণে জুয়েলের পায়ে মারাত্মক জখম হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর কেশবপুরে ১৫ আগস্টের অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।