দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে ৩০০ ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার

26

ফকিরহাট :

বাগেরহাটের ফকিরহাটে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ লাখ ২১ হাজার ৮০০ টাকা এবং দেশীয় অস্ত্রসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তাররা হলেন ফকিরহাট উপজেলার কামটা গ্রামের জাকির মোল্লার ছেলে ইমরান ওরফে নয়ন মোল্লা (৩০) ও তার ভাই কামরান ওরফে নিলয় মোল্লা (২৪)। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে ফকিরহাট উপজেলার নলদা-মৌভোগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামটা এলাকায় অভিযান চালানো হয়। পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই ভাই হামলার চেষ্টা করেন বলে পুলিশের দাবি। এ সময় তাদের কাছ থেকে প্লাস্টিকের হাতলযুক্ত একটি চাইনিজ কুড়াল ও ৩৬ ইঞ্চি লম্বা একটি এসএস পাইপ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তল্লাশি চালিয়ে ইমরান ওরফে নয়নের শয়নকক্ষের বালিশের নিচে একটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই কক্ষের টেবিলের ড্রয়ার থেকে উদ্ধার করা হয় নগদ ১ লাখ ২১ হাজার ৮০০ টাকা।

অপরদিকে, কামরান ওরফে নিলয় মোল্লার পরিহিত জিন্সের প্যান্টের পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের তথ্যমতে, উদ্ধার হওয়া ৩০০ পিস ইয়াবার মোট ওজন ৩০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯০ হাজার টাকা।

ডিবির ওসি মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে ফকিরহাটসহ বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় পরস্পর যোগসাজশে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারাসহ সরকারি কাজে বাধা এবং পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে দণ্ডবিধির ৩৩২ ও ৩৫৩ ধারায় ফকিরহাট মডেল থানায় মামলা করা হয়েছে।