দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় বৃক্ষরোপণ ও ‘গাছের গল্প বলা’ অভিযান শুরু

22

পাইকগাছা :

‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, সবুজ পৃথিবী গড়ি, সুস্থ জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় বৃক্ষরোপণ ও ‘গাছের গল্প বলা’ অভিযান শুরু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) উপজেলার মাহমুদকাটীতে অনির্বাণ লাইব্রেরি প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে অনির্বাণ লাইব্রেরি, ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন। অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণ জোরদার এবং নতুন প্রজন্মকে প্রকৃতির প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলার আহ্বান জানান।

অনির্বাণ লাইব্রেরির সহসভাপতি বাসুদেব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র।

কর্মসূচির উদ্বোধন করেন বৃক্ষপ্রেমী লেখক ও সহযোগী অধ্যাপক সফিয়ার রহমান। তিনি বলেন, গাছ বাতাস থেকে ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাটি ধরে রাখার পাশাপাশি বন্যা ও ভূমিক্ষয় রোধেও গাছের ভূমিকা রয়েছে। তাই পরিবেশ রক্ষার পাশাপাশি পরিবারের পুষ্টির চাহিদা পূরণে বেশি করে ফলজ গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, “বৃক্ষরোপণ মানে শুধু একটি চারা রোপণ নয়, সেই গাছের দায়িত্ব নেওয়া এবং গাছটিকে বাঁচিয়ে রাখা।” শিশুদের ছোটবেলা থেকেই গাছ ও প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের একটি করে গাছের ‘গার্ডিয়ানশিপ’ দেওয়ার প্রস্তাব দেন তিনি। তাঁর মতে, ‘গাছ দেওয়া নয়, গাছের দায়িত্ব নেওয়া’—এই ধারণাকে সামনে রেখে কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

বিশেষ অতিথি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ বলেন, গাছ পরিবেশের প্রাণ। গাছ অক্সিজেন সরবরাহ, বায়ু বিশুদ্ধকরণ ও পৃথিবীকে বাসযোগ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

রিভার বাংলা পত্রিকার সম্পাদক ফয়সাল আহমেদ শিশুদের বৃক্ষরোপণ কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন। তিনি অনির্বাণ লাইব্রেরির সঙ্গে আশপাশের স্কুল ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বই, প্রকৃতি ও মানবিক শিক্ষার সমন্বিত কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য দেন যুগবার্তার সম্পাদক মো. রফিকুল ইসলাম সুজন, সচেতন সংস্থার সাধারণ সম্পাদক সাকিলা পারভীন, অনির্বাণ লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, পরিবেশকর্মী দুলাল দেবনাথ, সাংবাদিক মো. হাসিব সরদার ও শিক্ষার্থী রিয়াদ হোসেনসহ অনেকে।

আলোচনা সভা শেষে অনির্বাণ লাইব্রেরি চত্বরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।