দৈনিক খুলনা
The news is by your side.

স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসার প্রত্যয়ে কেশবপুরে ট্রাস্ট হেলথ সেন্টার উদ্বোধন

23

কেশবপুর :

স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয়ে যশোরের কেশবপুরে উদ্বোধন করা হয়েছে ট্রাস্ট হেলথ সেন্টার। স্বেচ্ছাসেবী সংস্থা ‘সমাধান’-এর উদ্যোগে প্রতিষ্ঠিত এ স্বাস্থ্যকেন্দ্রটি বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

রোববার (৯ আগস্ট) বিকেলে কেশবপুরে সমাধান প্রশিক্ষণ কেন্দ্রে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমাধান সংস্থার নির্বাহী পরিচালক রিজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ মানুষের জন্য সহজলভ্য চিকিৎসাসেবার প্রয়োজনীয়তা, চিকিৎসা ব্যয় কমানো এবং স্বাস্থ্যসেবাকে মানুষের আরও কাছাকাছি পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রাস্ট হেলথ সেন্টারের পরিচালক ডা. সোহানুর রহমান। তিনি বলেন, মানুষের মৌলিক প্রয়োজনগুলোর মধ্যে স্বাস্থ্যসেবা অন্যতম। কিন্তু চিকিৎসার ব্যয় অনেক পরিবারের জন্য বড় ধরনের চাপ হয়ে দাঁড়ায়। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে স্বল্প খরচে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যেই ট্রাস্ট হেলথ সেন্টার চালু করা হয়েছে। মানুষের আস্থা অর্জনের পাশাপাশি সেবার মান ধরে রাখার মাধ্যমে প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বলেন, কেশবপুরের নিম্ন আয়ের মানুষ যাতে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগকে কাজে লাগাতে হবে। একটি এলাকার সার্বিক উন্নয়নের সঙ্গে স্বাস্থ্যসেবার বিষয়টি সরাসরি সম্পৃক্ত। সাধারণ মানুষের জন্য কম খরচে চিকিৎসার সুযোগ সৃষ্টি নিঃসন্দেহে ইতিবাচক উদ্যোগ।

তিনি স্বাস্থ্যকেন্দ্রটিতে সেবার মান, স্বচ্ছতা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কেশবপুরের সাধারণ ও নিম্ন আয়ের মানুষকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি প্রতারক ও অননুমোদিত ক্লিনিক থেকে সতর্ক থাকার জন্যও সবাইকে সচেতন করেন।

সমাধান সংস্থার নির্বাহী পরিচালক রিজাউল করিম বলেন, সমাধান দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বাস্থ্যসেবাকে মানুষের আরও কাছে নিয়ে যাওয়ার লক্ষ্যেই ট্রাস্ট হেলথ সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ যাতে আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। ভবিষ্যতে সেবার পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমন্বয়কারী মুনসুর আলী। তিনি বলেন, স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের প্রয়োজন অনুযায়ী সহজ, সাশ্রয়ী ও মানবিক সেবা নিশ্চিত করাও এর গুরুত্বপূর্ণ অংশ। ট্রাস্ট হেলথ সেন্টারের মাধ্যমে কেশবপুরের মানুষের স্বাস্থ্যসেবায় একটি নতুন সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাধানের নির্বাহী কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন, পরিচালক (কার্যক্রম) আবু জাফর, কোষাধ্যক্ষ সৈয়দ আকমল আলী, অর্থ বিভাগের শাহাদাত হোসেন, পরিচালক (সার্বিক) শাহিনুর রহমান, আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, শাখা ব্যবস্থাপক বিল্লাল হোসেনসহ স্থানীয় সংবাদকর্মী, স্বাস্থ্যসেবাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে মিফতাহুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আসাদুজ্জামান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ট্রাস্ট হেলথ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, কেশবপুরের মানুষের জন্য সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও ভবিষ্যতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে ট্রাস্ট হেলথ সেন্টার।