দৈনিক খুলনা
The news is by your side.

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান

21

শার্শা :

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি সারদার নুরুল আমিন

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তিনি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে পৌঁছান। এ সময় তিনি ইমিগ্রেশনের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মান, নিরাপত্তাব্যবস্থা এবং সীমান্ত দিয়ে যাত্রীদের যাতায়াতসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের এসবি প্রধান সারদার নুরুল আমিন বলেন, প্রতিবেশী দেশ ভারত ট্যুরিস্ট ভিসা চালু করেছে। ফলে বাংলাদেশ থেকে অনেক যাত্রী ভারতে ভ্রমণে যাবেন এবং ভারত থেকেও অনেক যাত্রী বাংলাদেশে আসবেন। এসব যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, যাত্রীসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে বেনাপোল-কলকাতা রেল যোগাযোগ দ্রুত চালুর বিষয়ে রেল মন্ত্রণালয়ের সচিবকে অবহিত করা হবে। রেল যোগাযোগ চালু হলে দুই দেশের যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

পরিদর্শনকালে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাখাওয়াত হোসেন, নাভারণ সার্কেলের পুলিশ সুপার আরিফ হোসেন, বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান খান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ইমিগ্রেশনের সার্বিক কার্যক্রম, নিরাপত্তাব্যবস্থা ও যাত্রীসেবার বিভিন্ন দিক সম্পর্কে এসবি প্রধানকে অবহিত করেন।