দৈনিক খুলনা
The news is by your side.

খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা

8

খুলনা :

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে আরও গতি আনা, বিশ্ববিদ্যালয়ের সকল ভবনে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা, আপগ্রেডেশন নীতিমালা পরিমার্জন, সার্ভিস রুল প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া গত এক বছরে টিচিং অ্যাসিস্ট্যান্টদের কর্মসম্পাদনের মূল্যায়ন প্রক্রিয়া চালু এবং খণ্ডকালীন শিক্ষক নিয়োগের বিষয়েও মতবিনিময় করা হয়।

সভায় জানানো হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘কিউ-১’ ও ‘কিউ-২’ মানের আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশে প্রণোদনা প্রদানের উদ্যোগ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের ৩৬টি গবেষণা প্রকাশনা প্রণোদনা পাওয়ার অপেক্ষায় রয়েছে।

উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন ডিসিপ্লিনের প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত পরিচালকরা উপস্থিত ছিলেন।