দৈনিক খুলনা
The news is by your side.

৩০ সেকেন্ডে ৩৪ ছুরিকাঘাত, স্কুলশিক্ষিকার নির্মম মৃত্যু

29

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে এক শিক্ষিকাকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মুখোশ পরা এক যুবকের হামলার পুরো ঘটনাটি স্কুলের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত বুধবার (২৯ জুলাই) সকালে ফরিদাবাদের সিকরোনা গ্রামের একটি বেসরকারি স্কুলে ২৯ বছর বয়সী শিক্ষিকা সন্ধ্যাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। স্কুলটি একটি পুলিশ ফাঁড়ি থেকে অল্প দূরত্বে অবস্থিত।

স্কুল কর্তৃপক্ষ জানায়, সকালে এক যুবক প্রধান ফটকে এসে শিক্ষিকা সন্ধ্যার সঙ্গে দেখা করার কথা বলেন। তিনি বাইরে এলে হামলাকারী হঠাৎ ছুরি নিয়ে তার ওপর আক্রমণ চালায়। অল্প সময়ের মধ্যেই শিক্ষিকার মুখ, গলা ও বুকে একাধিক ছুরিকাঘাত করা হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশধারী ওই যুবক প্রথমে স্কুলের ভেতরে অপেক্ষা করছিলেন। পরে শিক্ষিকাকে বাইরে ডেকে নিয়ে গিয়ে গলা চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে ধারাবাহিকভাবে আঘাত করতে থাকেন। শিক্ষিকা মাটিতে লুটিয়ে পড়ার পরও হামলাকারী তাকে বারবার ছুরিকাঘাত করে।

চিৎকার শুনে স্কুলের প্রশাসক ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারী তাকে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। এরপর মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

গুরুতর আহত শিক্ষিকাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনার প্রায় দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত ২১ বছর বয়সী অমিতকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় দুই বছর আগে অভিযুক্তের সঙ্গে নিহত শিক্ষিকার পরিচয় হয়েছিল। পরে অভিযুক্ত বিভিন্ন সময়ে তাকে অনুসরণ ও যোগাযোগের চেষ্টা করতেন। এতে বিরক্ত হয়ে শিক্ষিকা তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেছিলেন।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, ওই মামলার জের ও ব্যক্তিগত ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং হত্যাকাণ্ডের সব দিক খতিয়ে দেখা হচ্ছে।