দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে-২০২৬’ উদযাপিত

15

সাতক্ষীরা :

বাল্যবিয়ে ও যৌতুক প্রতিরোধ এবং শিক্ষা সহায়তা কার্যক্রমকে আরও বেগবান করার অঙ্গীকার নিয়ে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে ‘এএসপি ডে-২০২৬’। বেসরকারি উন্নয়ন সংস্থা ঋশিল্পী ইন্টারন্যাশনালের এডুকেশন সাপোর্ট প্রোগ্রাম (ইএসপি)-এর উদ্যোগে রোববার দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার গোপীনাথপুরে অবস্থিত ঋশিল্পী ট্রেনিং রুমে আয়োজিত অনুষ্ঠানে সংস্থার ‘আমার সোনার পরিবার (এএসপি)’-এর সদস্য, সুবিধাবঞ্চিত শিশু, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

“বাল্যবিয়ে ও যৌতুককে না বলুন, একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ুন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে ও যৌতুকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষা সহায়তার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং তাদের পরিবারের সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতা উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ঋশিল্পী ইন্টারন্যাশনাল।

সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ মোহাম্মদ খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঋশিল্পী ইন্টারন্যাশনালের সভাপতি মনিকা তোজি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন।

স্বাগত বক্তব্য দেন প্রোগ্রাম অফিসার আমিরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন সংস্থার সনোজ কুমার বসু ও সেলিমুল ইসলাম।

‘আমার সোনার পরিবার’-এর সদস্যদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন শিক্ষার্থী কুহেলি খাতুন, অভিভাবক লাভলী বেগম, প্রধান শিক্ষক আজিজুল হক, মো. এমাদুল ইসলাম, আমিনুর রহমান, হাবিবুর রহমান, মিজানুর রহমান, মনোরঞ্জন সরকার, আক্তারুল হক ও মোহাম্মদ আব্দুল্লাহ।

অনুষ্ঠানে ঋশিল্পী ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক শুভানুধ্যায়ীদের মধ্যে ইতালি থেকে আগত মিলান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোলে এবং রোম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এলিজ, মারিয়া ও জান মার্কো জামি অংশ নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।

আলোচনা সভার পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে বিভিন্ন সচেতনতামূলক, শিক্ষামূলক ও আনন্দঘন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে আয়োজকরা শিক্ষা সহায়তা, শিশু অধিকার সুরক্ষা এবং মানবিক উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।