দৈনিক খুলনা
The news is by your side.

কেকেবিএইউ ক্যাম্পাস ভবনের ছাদে ‘আইএসএলএম নলেজ গার্ডেন’ উদ্বোধন

23

খুলনা : 

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) ক্যাম্পাস ভবনের ছাদে সবুজায়ন, সৌন্দর্য ও জ্ঞানের সমন্বয়ে গড়ে তোলা ‘আইএসএলএম নলেজ গার্ডেন’-এর উদ্বোধন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সাইন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের প্রথম বর্ষ, প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের উদ্যোগ, পরিশ্রম ও সৃজনশীলতায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় এই নলেজ গার্ডেন প্রতিষ্ঠিত হয়েছে।

বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও শোভাবর্ধনকারী গাছের সমন্বয়ে নির্মিত এই সবুজায়ন প্রকল্প শিক্ষার্থীদের জন্য একটি মনোরম ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে ভবিষ্যতে এ উদ্যোগকে আরও সম্প্রসারণ ও সমৃদ্ধ করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

নলেজ গার্ডেন পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজায়নের গুরুত্ব অপরিসীম। পাঠ্যসূচির পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃতির সঙ্গে সম্পৃক্ততা তাদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। ফুল, ফল ও বৃক্ষরাজি মানুষের মনে প্রশান্তি এনে দেয়।

তিনি গাছের টবে যেন পানি জমে না থাকে এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলো সুস্থভাবে বেড়ে ওঠে, সে বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় পরামর্শ দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. এম. আতিয়ার রহমান, আইএসএলএম বিভাগের শিক্ষক আহসান উল্লাহ ও মো. নাজিমসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।