দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে উত্তরণের অ্যাডভোকেসি সভা

23

সাতক্ষীরা :

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সরকারি সম্পদ ও সেবা প্রাপ্তির সুযোগ নিশ্চিত এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে সাতক্ষীরায় এক অ্যাডভোকেসি ও তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সাতক্ষীরা শহরের বাকাল ১ নম্বর কলোনিতে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত ‘জলবায়ু অভিবাসী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন: সরকারি সম্পদ, সেবা ও নীতি নির্ধারণে অভিগম্যতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় ‘আরএপি বাস্তবায়নের ত্রৈমাসিক হালনাগাদ ও অ্যাডভোকেসি সভা’ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নারী নেত্রী ফাতেম খাতুন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে খুলনা ও সাতক্ষীরাসহ উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিনিয়ত ভিটেমাটি হারিয়ে বাস্তুচ্যুত হচ্ছে। এসব জলবায়ু অভিবাসী ও দুর্যোগঝুঁকিপূর্ণ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকারি খাসজমি বরাদ্দ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বৃদ্ধি এবং সরকারি সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি নীতিনির্ধারণ প্রক্রিয়ায় তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা (অ্যাকশন প্ল্যান) যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর টেকসই পুনর্বাসন ও জীবনমান উন্নয়ন সম্ভব হবে।

সভায় সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি ফাতেমা তুজ জোহরা, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, সাংবাদিক আসাদুজ্জামান সরদার ও মোস্তাফিজুর রহমান রিপন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জলবায়ু ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিরা তাদের দৈনন্দিন জীবনসংগ্রাম, বিশুদ্ধ খাবার পানির সংকট এবং মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিতের দাবি তুলে ধরেন। এতে স্থানীয় সিএমআরজি সদস্য, উন্নয়নকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।