দৈনিক খুলনা
The news is by your side.

তারেক রহমানের আহ্বানে ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

25

ফকিরহাট :

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের আহ্বান— “প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে বৃক্ষ রোপণ করুক”—এই প্রত্যয়কে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের শতাধিক চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্ব রঞ্জন সরকার, ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুস সাত্তার, চিকিৎসক ডা. বঙ্গ কমল বসু, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আসাদুল মোড়ল, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান, শিক্ষার্থী কঙ্কন সাহা, আব্দুল্লাহ শেখ, আনশিতোয়া, ঐশিয়া চক্রবর্তী, ফাতেমা ছাইয়ারাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীরা।

আলোচনা পর্বে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, বিদ্যালয়ভিত্তিক এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করবে এবং সবুজায়ন আন্দোলনকে আরও বেগবান করবে।

কর্মসূচি শেষে বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।