মোংলা :
মোংলা ও রামপাল উপজেলার অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের সার্বিক উদ্যোগে এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সহযোগিতায় শুক্রবার বিকেলে মোংলা উপজেলার সুন্দরবন মহিলা কলেজ অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক মো. আশরাফ হোসেন। তিনি বিদেশগামী শিক্ষিত যুবক-যুবতীদের নিরাপদ অভিবাসন, দক্ষতা উন্নয়ন, বৈধ উপায়ে বিদেশে কর্মসংস্থান এবং অভিবাসন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণমূলক দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি চিতলমারী কারিগরি কলেজের অধ্যক্ষ ও বাগেরহাট মেরিন একাডেমির পরিচালক মাজহারুল হোসেন খান, বাগেরহাট জেলা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক মো. মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, মোংলা ও রামপাল উপকূলীয় ও লবণাক্ততাপ্রবণ এলাকা হওয়ায় এখানকার কৃষি ও মৎস্য উৎপাদন আগের তুলনায় কমে গেছে। ফলে বিকল্প কর্মসংস্থানের অভাবে বেকারত্ব ও দারিদ্র্য বৃদ্ধি পাচ্ছে। এই বাস্তবতা বিবেচনায় স্থানীয় শিক্ষিত যুবক-যুবতীদের দক্ষ করে বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার কাজ করছে।
তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী খুব শিগগিরই মোংলা ও রামপাল এলাকার ৫০ জন শিক্ষিত যুবক-যুবতীকে বিদেশে কর্মসংস্থানের জন্য পাঠানো হবে। এটি শুধু কর্মসংস্থান নয়, বরং এলাকার অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবারের জীবনমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
প্রতিমন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই বাংলাদেশে বৈদেশিক কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটি বাংলাদেশি কর্মরত রয়েছেন এবং তারা রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
সেমিনারে বক্তারা নিরাপদ অভিবাসনের গুরুত্ব, দক্ষতা উন্নয়ন, বৈধ উপায়ে বিদেশে কর্মসংস্থান এবং মানবপাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদেশগামীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ ও সরকারি নিবন্ধিত ব্যবস্থার মাধ্যমে বিদেশে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে মোংলা ও রামপালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিদেশগামী যুবক-যুবতী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।