দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় তালাবদ্ধ কক্ষ থেকে ভাড়াটিয়ার মরদেহ উদ্ধার

24

পাইকগাছা :

খুলনার পাইকগাছা উপজেলা সদরের একটি বাসার তালাবদ্ধ কক্ষ থেকে বিশ্বজিৎ দেউড়ী (২৫) নামে এক ভাড়াটিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় একই কক্ষে বসবাসকারী অপর যুবক অন্তর সরকার পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা সদরের হাসপাতাল রোড এলাকার একটি বাসার নিচতলার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠি জেলার বেতরা এলাকার হেরালাল দেউড়ীর ছেলে বিশ্বজিৎ দেউড়ী এবং মাদারীপুর জেলার কালকিনি এলাকার লিটন সরকারের ছেলে অন্তর সরকার গত জুন মাস থেকে পাইকগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সরল গ্রামের বাসিন্দা রামপ্রসাদ মণ্ডলের বাড়ির নিচতলার একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

বিশ্বজিৎ আরএফএল কোম্পানির ভিগো গ্রুপে সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) হিসেবে এবং অন্তর একই প্রতিষ্ঠানে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার দিন বিশ্বজিৎ কর্মস্থলে না যাওয়ায় কোম্পানির ডিলাররা তার খোঁজ নিতে বাসায় যান। সেখানে কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। কক্ষের সামনে রক্তমাখা একটি ছুরি পড়ে থাকতে দেখে তারা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আমীর হামজা, পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে কক্ষে প্রবেশ করে। পরে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় বিশ্বজিৎ দেউড়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

বাড়ির মালিক রামপ্রসাদ মণ্ডল জানান, দুই যুবক গত জুন মাস থেকে তার বাড়িতে ভাড়া থাকলেও তাদের ব্যক্তিগত বিষয়ে তিনি তেমন কিছু জানতেন না।

পুলিশ জানায়, ঘটনাস্থলে বিশ্বজিৎ দেউড়ীর ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল পাওয়া গেছে। তবে অন্তর সরকার এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়নি। এ কারণে ঘটনার পর থেকেই অন্তর পলাতক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ভেতরে একজনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলের আলামত সংগ্রহ এবং তদন্তের জন্য সিআইডিকে খবর দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং পলাতক ব্যক্তিকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।