বেনাপোল:
যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা গ্রামের সালামের মোড় এলাকায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২০ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার গোগা গ্রামের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে তিনজন রুদ্রপুরের দিকে যাচ্ছিলেন। পথে গোগা গ্রামের সালামের মোড় এলাকায় রফিকুলের বাড়ির সামনে রুদ্রপুর-গোগা সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই যশোর সদর উপজেলার সুজনপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে নাহিদ (৪০) এবং বেনাপোলের দৌলতপুর গ্রামের জমাত আলীর ছেলে তুষার (৩০) নিহত হন।
এ সময় দৌলতপুর গ্রামের শাহজাহানের ছেলে রুবেল (২৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ঘাতক ট্রলির চালককে আটকের চেষ্টা চলছে। নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Recover your password.
A password will be e-mailed to you.