খুলনা:
খুলনা নগরীর আটরা গিলাতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে পশ্চিম শিরোমণি ইয়াং সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টায় শিরোমণি পশ্চিমপাড়ায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম শিরোমণি ইয়াং সোসাইটির উপদেষ্টা ও বিএনপি নেতা শেখ সেলিম আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম, খান ইসমাইল হোসেন বাবু, শেখ আলমগীর হোসেন, শেখ ইসরাইল হোসেন, শেখ নাসির উদ্দিন, হাদিউজ্জামান, শেখ আহাদ উদ্দিন, মোরসালিনসহ এলাকার নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ সেলিম আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেককে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং পরিচর্যা করতে হবে।
তিনি আরও বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা উপস্থিতদের মাঝে বিতরণ করা হয়।