দৈনিক খুলনা
The news is by your side.

টাইফয়েডের টিকাদান ১ আগস্ট শুরু

8

শিশুদের টাইফয়েড জ্বর থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা দিতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) যুক্ত হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)। আগামী ১ আগস্ট থেকে দেশব্যাপী নিয়মিত টিকাদান কার্যক্রমের আওতায় ১৫ মাস বয়সী শিশুদের এক ডোজ করে এই টিকা দেওয়া হবে।

সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ইপিআইয়ের নির্দেশনা অনুযায়ী, ১৫ মাস বয়সী শিশুদের বাম উরুর মাংসপেশির মধ্যভাগের বাইরের অংশে এক ডোজ টাইফয়েড টিকা প্রয়োগ করা হবে। একই দিনে দেওয়া যাবে এমএমআর-২ (হাম, মাম্পস ও রুবেলা) টিকা। ইপিআইয়ের স্থায়ী টিকাদান কেন্দ্রে সপ্তাহের সব কর্মদিবসে এবং মাঠপর্যায়ের অস্থায়ী কেন্দ্রেও এ কার্যক্রম চলবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকা নিতে শিশুদের ‘Vax:EPI’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মাইক্রোপ্ল্যান তৈরি করবেন এবং অভিভাবকদের নিবন্ধন ও টিকা কার্ড ডাউনলোডে সহায়তা করবেন। টিকা দেওয়ার পর ‘Smart Health BD/E-Tracker’ অ্যাপের মাধ্যমে তথ্য হালনাগাদ করা হবে।

এদিকে, ডিজিটাল নিবন্ধন সহজ করতে উপজেলা পর্যায়ে জন্ম নিবন্ধন কার্যক্রম আরো সহজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিয়মিত কর্মসূচিতে পাঁচ ডোজের তরল টাইফয়েড ভায়াল ব্যবহার করা হবে। ভ্যাকসিন সংরক্ষণ ও পরিবহন করতে হবে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। নির্ধারিত নিয়ম ও তাপমাত্রা বজায় থাকলে মাল্টিডোজ ভায়াল পলিসি (এমডিভিপি) অনুযায়ী আংশিক ব্যবহৃত ভায়াল পরবর্তী সেশনেও ব্যবহার করা যাবে।

শতভাগ টিকাদান নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও কমিউনিটি নেতাদের সম্পৃক্ত করে প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছে ইপিআই। উঠান বৈঠক, মাইকিং ও বাড়ি বাড়ি প্রচারের মাধ্যমে শিশুদের এই টিকাদানের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।