দৈনিক খুলনা
The news is by your side.

নকল সিগারেট তৈরির মামলায় মোরেলগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার

26

মোরেলগঞ্জ :

বাগেরহাটের মোরেলগঞ্জে নকল সিগারেট তৈরির মামলায় সাবেক যুবলীগ নেতা ও ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজের মালিক বদরুল আলম ওরফে ভদ্দরকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে মোরেলগঞ্জ থানা পুলিশ বাগেরহাটের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া বদরুল আলম মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা গ্রামের সুন্দর আলী খানের ছেলে এবং পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ জুন সানকিভাঙ্গা এলাকায় অবস্থিত ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় ১ লাখ ৪৩ হাজার পিস নকল ডারবি সিগারেট এবং সিগারেট তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

এ ঘটনায় ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির লিগ্যাল অফিসার মর্তুজা রেজা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় কারখানার মালিক বদরুল আলম ভদ্দর, ম্যানেজার মনির বয়াতি ও মজিবর শেখকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর থেকেই কারখানায় তালা ঝুলিয়ে প্রধান আসামিসহ সংশ্লিষ্টরা আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, বিশেষ প্রযুক্তি ব্যবহার করে মামলার প্রধান আসামি বদরুল আলমকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।