দৈনিক খুলনা
The news is by your side.

বাগেরহাটে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু

37

বাগেরহাট:

বাগেরহাটে আবুল কালাম চাকলাদার (৫৫) নামে এক বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সদর উপজেলার রণবিজয়পুর গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আবুল কালাম চাকলাদার সদর উপজেলার রণবিজয়পুর গ্রামের বাসিন্দা ও হাতেম আলী চাকলাদারের ছেলে। তিনি ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য এবং ওয়ার্ড বিএনপির নেতা ছিলেন। এছাড়া অতীতে তিনি সদর উপজেলা বিএনপির বিভিন্ন কমিটিতেও দায়িত্ব পালন করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে তার স্ত্রী শিল্পী আক্তার সন্তানদের নিয়ে শহরে বসবাস করছিলেন। এ সময় আবুল কালাম চাকলাদার নিজ বাড়িতে একাই থাকতেন। প্রতিদিনের মতো শনিবার সকালে তার স্বজন ইয়াসমিন বেগম খাবার নিয়ে বাড়িতে যান। একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে তিনি বাড়িতে প্রবেশ করেন। সেখানে ঘরের দরজা খোলা অবস্থায় জানালার সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় খাটে বসে থাকা আবুল কালাম চাকলাদারকে দেখতে পান। কাছে গিয়ে তিনি তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন।

ইয়াসমিন বেগম দাবি করেন, ঘটনাটি নিয়ে তার সন্দেহ রয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

খবর পেয়ে বাগেরহাট সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল বলেন, আবুল কালাম চাকলাদার ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য ছিলেন। তার মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। এটি কীভাবে ঘটেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। তিনি ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।