সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মো. আরাফাত হোসেন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার গাবতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত ওই গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির আঙিনায় খেলছিল আরাফাত। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় উদ্বেগ বাড়ে। একপর্যায়ে স্থানীয়রা বাড়ির পাশের কাশেম সরদারের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে গাবতলা গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকাবাসীও শোকাহত হয়ে পড়েন।