দৈনিক খুলনা
The news is by your side.

যানজট নিরসনে সাতক্ষীরায় উপ-কমিটির প্রথম সভা

25

সাতক্ষীরা :

সাতক্ষীরা জেলা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানে গঠিত উপ-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের যানজট অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, বাস মালিক সমিতির সভাপতি আব্দুস সোবহান খোকন, সহসভাপতি খোরশেদ আলম আলী, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, ট্রাফিক পরিদর্শক (ইন্সপেক্টর) গৌরাঙ্গ পাল, সার্জেন্ট মুকুল হোসেনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পরিবহন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, জেলা শহরে অনুমোদনহীন ইজিবাইকের প্রবেশ নিয়ন্ত্রণে পৌরসভার প্রবেশপথগুলোতে চেকপোস্ট স্থাপন করা হবে। এছাড়া বাঁকাল থেকে পাকাপোল মোড় পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলমান রয়েছে।

যানজট কমাতে আশাশুনি ও কালীগঞ্জগামী বাসগুলোকে শহরের ভেতরে অপ্রয়োজনীয়ভাবে অবস্থান না করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে লাবসা বাইপাস এলাকায় বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় আরও জানানো হয়, পৌরসভার অনুমোদিত ৯১৮টি ইজিবাইক ছাড়া অন্য ইজিবাইক ও মোটরভ্যানের চলাচল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দিনের বেলায় ট্রাকের শহরের অভ্যন্তরীণ সড়কে প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

ডে-নাইট কলেজ মোড় এবং সাতক্ষীরা সরকারি কলেজ সড়কের সংস্কারকাজ দ্রুত শেষ করার বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।

সভায় অংশগ্রহণকারী বক্তারা বলেন, প্রশাসন, পরিবহন মালিক, চালক এবং সাধারণ মানুষের সমন্বিত সহযোগিতার মাধ্যমে ঘোষিত পদক্ষেপগুলো বাস্তবায়ন করা গেলে সাতক্ষীরা জেলা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই কমে আসবে এবং নগরবাসী স্বস্তি ফিরে পাবে।