দৈনিক খুলনা
The news is by your side.

কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি

51

বেনাপোল :
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৫০ জন বাংলাদেশি নারী-পুরুষ।

রোববার (৫ জুলাই) রাত ৯টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বেনাপোল চেকপোস্ট সীমান্ত দিয়ে বিজিবির মাধ্যমে বাংলাদেশে প্রবেশের পর তাদের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় দুই দেশের পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী এবং মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফিরে আসা ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। তারা যশোর, সাতক্ষীরা, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুর, টাঙ্গাইল, নড়াইল, ঝিনাইদহ ও চাঁদপুর জেলার বাসিন্দা।

ফেরত আসা ফিরোজ মাহমুদ জানান, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের তামিলনাড়ুতে যান তারা। সেখানে বিভিন্ন বাসাবাড়ি, গার্মেন্টস ও ইটভাটায় কাজ করার সময় ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

তিনি আরও জানান, সাজা শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের কারাগার থেকে মুক্ত করে শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দুই দেশের দূতাবাসের সহযোগিতা এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার সুযোগ হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ৫০ জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার ২৫ জন এবং রাইট যশোর ২৫ জনকে গ্রহণ করে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের প্রথমে সংস্থার শেল্টার হোমে রাখা হবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।