দৈনিক খুলনা
The news is by your side.

“রাফাত হত্যার বিচার দাবিতে কালিগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ”

27

সাতক্ষীরা :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭)-এর মৃত্যুর ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বৈরী আবহাওয়ার মধ্যেও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে শত শত নারী-পুরুষ, কিশোর, যুবক ও বৃদ্ধ অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রুহুল কুদ্দুস গাজী। তিনি বলেন, একটি কিশোরের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে আড়াল করার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে।

কর্মসূচিতে বক্তব্য দেন রাফাতের মা শাহানারা খাতুন, আব্দুল লতিফ সরদার, আজিজুল ইসলাম, আব্দুল মালেক, রফিকুল ইসলাম, রমজান আলী, আলতাফ হোসেন, আবুল কাশেম, মাছুম বিল্লাহ, শফিকুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

রাফাতের মা শাহানারা খাতুন অভিযোগ করেন, তার ছেলে স্থানীয় একটি মুরগির ফার্মে কর্মচারী হিসেবে কাজ করতেন। গত ১৩ জুন তাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়েছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, ঘটনার তদন্তে ধীরগতি ও গাফিলতির কারণে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলেন, প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের কোনো বিকল্প নেই এবং অপরাধীরা যতই প্রভাবশালী হোক, তাদের আইনের আওতায় আনতে হবে।

শফিকুল ইসলাম অভিযোগ করেন, ঘটনার পর থেকে একাধিকবার পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তিনি বলেন, “গরিব বলে কি আমাদের বিচার পাওয়ার অধিকার নেই?”

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে রাফাতের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন, দায়ীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি রাফাতের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।