পাইকগাছা (খুলনা) :
খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলার ২১৪টি সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার কাজের জন্য প্রায় ৩ কোটি টাকার বরাদ্দ দিয়েছে খুলনা জেলা পরিষদ।
বৃহস্পতিবার (২ জুলাই) পাইকগাছা ও কয়রায় পৃথক অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে বরাদ্দপত্র তুলে দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।
এর মধ্যে পাইকগাছা উপজেলার ১১৮টি এবং কয়রা উপজেলার ৯৬টি প্রতিষ্ঠানের অনুকূলে সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, উন্নয়ন বরাদ্দ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, এটি জনগণের সম্পদ। কোনো ধরনের অনৈতিক সুবিধা বা অর্থ লেনদেন ছাড়াই স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, বিগত সময়ে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প নিয়ে নানা অভিযোগ ছিল। বর্তমানে সেই চিত্র পরিবর্তন হয়েছে। কেউ যদি জেলা পরিষদের নামে অর্থ দাবি করে, তাহলে সঙ্গে সঙ্গে জানাতে হবে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির নেতাকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বরাদ্দপত্র বিতরণ শেষে এস এম মনিরুল হাসান বাপ্পী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করেন। এছাড়া বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনও করেন তিনি।