দৈনিক খুলনা
The news is by your side.

যবিপ্রবির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন খুবির প্রফেসর শেখ মাহমুদুল হাসান

34

খুলনা :

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক প্রফেসর শেখ মাহমুদুল হাসান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন।

রবিবার (২৮ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২(১) ধারা অনুযায়ী তাঁকে চার বছরের জন্য এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রফেসর শেখ মাহমুদুল হাসান ১৯৯৬ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী হিসেবে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতক সম্পন্ন করেন এবং রাষ্ট্রপতির স্বর্ণপদক লাভ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশি-বিদেশি স্বনামধন্য জার্নালে উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। একাডেমিক প্রশিক্ষণের অংশ হিসেবে জার্মানির ইউনিভার্সিটি অব লিপজিগের সঙ্গেও কাজ করেছেন।

তিনি ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান এবং ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, বোর্ড অব অ্যাডভান্সড স্টাডিজ, একাডেমিক কাউন্সিল ও অর্থ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনসহ বিভিন্ন নীতি-নির্ধারণী কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

যবিপ্রবির উপ-উপাচার্য হিসেবে তাঁর নিয়োগে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, প্রফেসর শেখ মাহমুদুল হাসান একজন মেধাবী শিক্ষক ও দক্ষ প্রশাসক। তাঁর দীর্ঘ শিক্ষকতা ও প্রশাসনিক অভিজ্ঞতা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও তাঁকে অভিনন্দন জানিয়েছেন।