দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে রাস্তা নিয়ে বিরোধ: নারী-শিশুর ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

40
যশোর :

যশোরের কেশবপুর উপজেলার ছোট বোরমুটিয়া এলাকায় যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে এক নারী ও তার শিশু সন্তানদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাবিনা ইয়াছমিন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান রাস্তা-সংক্রান্ত বিরোধের জেরে গত ২০ জুন বিকেলে তাকে ও তার সন্তানদের মারধর করা হয়। এ সময় তার দুই বছর বয়সী কন্যা শিশুকে কোলে থেকে ছিনিয়ে নিয়ে মাটিতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এতে শিশুটি আহত হয়।

এছাড়া হামলার সময় তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন সাবিনা ইয়াছমিন। ঘটনার পর আহতরা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

তিনি জানান, স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।