দৈনিক খুলনা
The news is by your side.

বাজেটের প্রশংসা, বিরোধীদের সমালোচনা করে সংসদে বক্তব্য এমপি মাহফুজুল্লাহর

26

ঢাকা :
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ বাজেটের প্রশংসা এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলনের সমালোচনা করেছেন।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বর্তমান বাজেট একটি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির রূপরেখা। বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়া এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, দেশের স্বাধীনতার পর এমন পরিস্থিতি বিরল।

বিরোধী দলগুলোর আন্দোলনের সমালোচনা করে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করেন এবং বলেন, সরকারের উন্নয়ন ও জনমুখী কর্মকাণ্ড অস্বীকার করে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এমপি মাহফুজুল্লাহ বলেন, চাল, তেল, পেঁয়াজ ও চিনিসহ কয়েকটি নিত্যপণ্যের আমদানি ও সরবরাহ পর্যায়ে উৎস কর কমানোর ফলে সাধারণ মানুষ স্বস্তি পেয়েছে। পাশাপাশি ৯ লাখ ৩১ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটকে অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতার একটি সাহসী পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি বাজেটের ‘রিকভারি, রেস্টোরেশন ও রেজিলিয়েন্স (থ্রি আর)’ কৌশল, ৪১ লাখ নারীপ্রধান পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ, শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের অঙ্গীকার এবং ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় করমুক্ত রাখার সিদ্ধান্তের প্রশংসা করেন।

বাজেট আলোচনায় নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যাও তুলে ধরেন তিনি। জলবায়ু পরিবর্তন ও নদীভাঙনের কারণে কুতুবদিয়া দ্বীপের আয়তন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার কথা উল্লেখ করে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগ সেতু এবং আধুনিক ফেরি সার্ভিস চালুর দাবি জানান।

এছাড়া মহেশখালীতে চলমান বিভিন্ন মেগা প্রকল্পের প্রসঙ্গ তুলে ধরে বিদ্যুৎ বিভ্রাট নিরসন, মহেশখালী-কক্সবাজার সংযোগ সেতু নির্মাণ, লবণচাষিদের জন্য প্রতি মণ লবণের ন্যূনতম মূল্য ৬০০ টাকা নির্ধারণ এবং মহেশখালীর বিখ্যাত মিষ্টি পানকে জিআই পণ্যের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, মেগা প্রকল্প বাস্তবায়নের ফলে স্থানীয় জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি মহেশখালী কলেজ সরকারিকরণ এবং কুতুবদিয়া কলেজে ডিগ্রি ও অনার্স কোর্স চালুর দাবিও জানান তিনি। ##