মোংলা :
মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সংখ্যালঘু পরিবারের নারী-পুরুষসহ ৭ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ এলাকায় এ ঘটনা ঘটে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, দত্তেরমেঠ এলাকার বাসিন্দা সন্দীপ মন্ডল (৬৫) ও তার প্রতিবেশী লুৎফর ফকিরের (৫৫) মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে উভয় পক্ষের জমি মাপজোখের কাজ শুরু হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট লোকজন উপস্থিত ছিলেন।
অভিযোগে বলা হয়, জমি মাপজোখ চলাকালে লুৎফর ফকির তার সহযোগীদের নিয়ে লোহার রড ও লাঠিসোঁটা হাতে সন্দীপ মন্ডলের পরিবারের ওপর হামলা চালান। এতে সন্দীপ মন্ডল, গোপাল চন্দ্র (৪২), মনোজিত মন্ডল (৪২), শিপু মন্ডল (২৪), রিম্পা মন্ডল (২২), নিপু মন্ডল (৩৪) ও কল্পনা মন্ডল (৫৫) আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় বিকেলে লুৎফর ফকির, রজব আলী (৭০) ও ফাহাদ (২৮)-এর বিরুদ্ধে মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #