দৈনিক খুলনা
The news is by your side.

চাকরিতে পুনর্বহালসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত কর্মীদের মানববন্ধন

26

চট্টগ্রাম :
চাকরিতে পুনর্বহালসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন দেশের পাঁচটি ইসলামী ধারার ব্যাংকের চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (২২ জুন) সকালে নগরীর বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন প্রভাবশালী মহলের হস্তক্ষেপে কয়েকটি ইসলামী ব্যাংকে ব্যাপক ছাঁটাই, প্রশাসনিক হয়রানি এবং শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, Islami Bank Bangladesh PLC, First Security Islami Bank PLC, Union Bank PLC, Al-Arafah Islami Bank PLC এবং Social Islami Bank PLC-এর প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের অনেককে শাস্তিমূলক বদলি, আইডি নিষ্ক্রিয়করণ এবং পরবর্তীতে চাকরিচ্যুত করা হয়েছে বলে দাবি করা হয়।

অবস্থান কর্মসূচি থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দৃষ্টি আকর্ষণ করে ১০ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পূর্বের সুযোগ-সুবিধাসহ পুনর্বহাল, দক্ষ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পুনর্গঠন এবং ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করা।

এছাড়া ব্যাংকের কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ, প্রত্যক্ষ রাজনীতিতে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গ্রাহকদের মধ্যে কৃত্রিম সংকট ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে দায়ীদের শাস্তি এবং ৫ আগস্টের পর ব্যাংক খাতে সংঘটিত অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের নিরপেক্ষ তদন্তের দাবিও জানানো হয়।

মানববন্ধনে অংশ নেওয়া এক চাকরিচ্যুত কর্মকর্তা বলেন, মানবসম্পদ নীতিমালা অনুসরণ না করেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ন্যায়বিচার এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা আন্দোলন করছেন।

কর্মসূচি শেষে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক পরিচালকের কাছে ১০ দফা দাবি-সংবলিত স্মারকলিপি জমা দেয়।