দৈনিক খুলনা
The news is by your side.

বিএসটিআই অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন, রাজশাহীতে বেকারিকে জরিমানা

23

রাজশাহী মহানগরীতে বিএসটিআইয়ের বাধ্যতামূলক অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করায় একটি বেকারিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে নগরীর সাহেববাজার এলাকায় পরিচালিত অভিযানে ‘পিওর লাইভ ফুড বেকারি অ্যান্ড পেস্ট্রি’ নামের প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের বাধ্যতামূলক গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন, বিক্রি ও বিতরণ করছে। এছাড়া পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, ওজন, মূল্য এবং প্রতিষ্ঠানের নাম-ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ ছিল না।

এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নেজারত ও ব্যবসা-বাণিজ্য শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তরের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।