দৈনিক খুলনা
The news is by your side.

দিল্লি বিমানবন্দরে জাহেদ উর রহমানকে বাধা: ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব

3

দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ইমিগ্রেশন জটিলতার মুখে পড়ার ঘটনায় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ানকুমার বঢ়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৫ জুন) বিকেল ৩টায় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহিদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারের হাতে বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রতিবাদপত্র তুলে দেওয়া হয় এবং ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক অসন্তোষ জানানো হয়।

মুখপাত্র শহিদুল করিম বলেন, “প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে আমাদের অসন্তোষ ব্যক্ত করা হয়েছে।”

এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, দিল্লি বিমানবন্দরের ঘটনাটি “অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক”। একইসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নয় এবং সরকার বিষয়টি খতিয়ে দেখছে।

উল্লেখ্য, একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে দিল্লি গেলেও ইমিগ্রেশন জটিলতার কারণে দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হয় ডা. জাহেদ উর রহমানকে। পরে তিনি সফর বাতিল করে শ্রীলঙ্কা হয়ে সোমবার দুপুরে ঢাকায় ফিরে আসেন।