তিউনিসিয়াকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে সুইডেন। তবে দলের দুর্দান্ত জয়ের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তরুণ মিডফিল্ডার ইয়াসিন আয়ারি। ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রথম গোলের পর তার উদযাপন ছিল ব্যতিক্রমী।
ম্যাচের শুরুতেই গোল করে ইয়াসিন আয়ারি উদযাপন না করে দুই হাত তুলে ক্ষমা প্রার্থনার ভঙ্গি করেন। মূলত নিজের তিউনিসীয় শিকড়ের প্রতি সম্মান জানাতেই এমন প্রতিক্রিয়া দেখান তিনি।
সুইডেনের শোলনা শহরে জন্ম নেওয়া ২২ বছর বয়সী ইয়াসিনের বাবা আজ্জুজ আয়ারি তিউনিসিয়ার নাগরিক। ২০২২ বিশ্বকাপের আগে তিউনিসিয়ার হয়ে খেলার সুযোগ থাকলেও ইয়াসিন শেষ পর্যন্ত বেছে নেন সুইডেনকে।
ছেলের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তার বাবা বলেন, “আমি চাইতাম সে সুইডেনের হয়ে খেলুক। যে দেশ তাকে লালন করেছে, তার প্রতি অবদান রাখা উচিত।”
অন্যদিকে তিউনিসিয়ার কোচ সাব্রি লামোচিও ইয়াসিনের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। তিনি বলেন, “সে একজন ভালো খেলোয়াড়। আমরা তাকে চিনি এবং তার জন্য শুভকামনা রইল।”
ম্যাচের শেষ গোলটিও করেন ইয়াসিন। এবার অবশ্য আবেগ ধরে রাখেননি। হাঁটুতে স্লাইড দিয়ে এবং দুই হাত কানের কাছে নিয়ে সুইডিশ সমর্থকদের উদ্দেশে উদযাপন করেন তিনি।
ইয়াসিনের দুই গোলের মাঝেই সুইডেনের হয়ে গোল করেন আলেকজান্ডার ইসাক, ভিক্টর গিয়োকারেস ও মাতিয়াস স্ভানবার্গ। এর মধ্যে স্ভানবার্গ বদলি হিসেবে মাঠে নামার মাত্র ১২ সেকেন্ডের মাথায় গোল করে বিশ্বকাপে বদলি নেমে দ্রুততম গোলের নতুন রেকর্ড গড়েন।
দুর্দান্ত এই জয়ে সুইডেন গ্রুপ এফ এর শীর্ষে উঠে এসেছে। আর জোড়া গোল ও আবেগঘন উদযাপনের কারণে বিশ্বকাপের শুরুতেই আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন ইয়াসিন আয়ারি।