দৈনিক খুলনা
The news is by your side.

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ জন আটক

34
যশোর :
যশোরের শার্শা উপজেলার ছোট বসন্তপুর গ্রামে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন।

পুলিশ জানায়, রোববার রাতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়। পরে অভিযান চালিয়ে প্রধান আসামিসহ তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন হাসিব আল হাসান (১৯), আব্দুর রহমান ইমন (২৪) ও মেহেদি হাসান টুটুল (২৫)। মামলার অপর দুই আসামি পলাতক রয়েছেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ১২ জুন গভীর রাতে এক প্রবাসীর স্ত্রী বাড়ির উঠানে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন তাকে ভয়ভীতি দেখিয়ে একটি ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের পর পাশের একটি পুকুরপাড়ে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

শার্শা থানার ওসি মারুফ হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে তিন আসামিকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।