দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রজননস্থান ধ্বংসে পরিচ্ছন্নতা অভিযান

27
মোংলা :

 ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রজননস্থান ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোংলায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম সড়কে এ কর্মসূচির আয়োজন করে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প। এতে সহযোগিতা করে সার্ভিস বাংলাদেশ, বিডি ক্লিন ও মোংলা পোর্ট পৌরসভা।

অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-এর কেন্দ্রীয় নেতা ও পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ। প্রধান অতিথি ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের সনৎ কুমার ও জাফর আহমেদ, সিনিয়র সিটিজেন সাহেব আলী মল্লিক, সার্ভিস বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, যুবনেতা সুমন মল্লিক, বিডি ক্লিনের আবু হাসান, পরিবেশকর্মী ডলার মোল্লা ও মেহেদী হাসান, ছাত্রনেতা সাকিব এবং রমজান আলী।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শারমিন আক্তার সুমি বলেন, “মানুষ সচেতন না হলে শুধু পৌর কর্তৃপক্ষের পক্ষে শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর মোংলা গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখতে হবে।”

সভাপতির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু-চিকুনগুনিয়ামুক্ত মোংলা শহর গড়ে তোলা সম্ভব।”

স্বাগত বক্তব্যে ব্র্যাকের সনৎ কুমার বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে অনিয়মিত ও অতিবৃষ্টিতে মশার বংশবিস্তার বেড়েছে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।